আগামী বছরই উদ্বোধন হবে বার্ন ইনস্টিটিউটের

নির্মাণাধীন বার্ন ইনস্টিটিউটআগামী বছরের সেপ্টেম্বর নাগাদ ৫০০ শয্যার বিশিষ্ট ‘শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে’ এর উদ্বোধন করা হবে। শনিবার রাজধানীর চানখারপুলে ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বার্ন ইনস্টিটিউটের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০১৮ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ সম্পন্ন করার কথা থাকলেও সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আগামী বছরের মধ্য সেপ্টেম্বরের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন হবে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে আগামী বছর সেপ্টেম্বরের যে কোনও দিন এই ইনস্টিটিউটের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ইনস্টিটিউটের উদ্বোধন করবেন। বিশ্বের সর্ববৃহৎ এ বার্ন ইনস্টিটিউটটি নির্মিত হলে পোড়া রোগীদের সুচিকিৎসার পাশাপাশি রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় বিশেষজ্ঞ জনবল (ডাক্তার, নার্স ও অন্যান্য) তৈরি করা সম্ভব হবে।

২০১৬ সালের ২৭ এপ্রিল তিনটি বেজমেন্টসহ ১৮তলা মূল ভবনের নির্মাণ কাজ শুরু হয়। ৫২২ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য ইনস্টিটিউটে ইতোমধ্যেই তিনটি বেজমেন্টের নির্মাণ কাজ শেষ হয়েছে। ৬ তলার ছাদের জন্য কলাম ও সাটারিংয়ের কাজ চলছে। খবর বাসস।