ডিএনসিসির মেয়র পদে উপ নির্বাচনের সিদ্ধান্ত দু-এক দিনের মধ্যেই: ইসি সচিব

ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ নির্বাচনের বিষয়ে দু-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ।

ররিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, ‘ডিএনসিসির মেয়র পদে উপ নির্বাচনে কোনও জটিলতা নেই। এ বিষয়ে দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মেয়র পদটি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শূন্য ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনের কপি আমরা পেয়েছি। নির্বাচনের বিষয়ে দুই এক কদিনের মধ্যে কমিশন সভার সিদ্ধান্ত নেওয়া হবে।’

নতুন ১৮টি ওয়ার্ড যুক্ত হওয়ায় কোনও জটিলতা তৈরি হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু এর আগেই এসব ওয়ার্ডে নির্বাচন করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছিল তাই কোনও জটিলা আছে বলে মনে করি না।’

মেয়র পদে উপ নির্বাচনের সঙ্গে নতুন ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন হবে কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়টি কমিশন ঠিক করবেন। এখনই বলতে পারছি না।’

আরও পড়ুন:
রাজনৈতিক দলের কার্যালয় যাচাই করবে ইসি