বিপদে প্রিয়জনকে খবর দেবে ডিএসসিসির অ্যাপ

 আমার ঢাকা অ্যাপঅপহরণ, হত্যা ও গুমের ঘটনায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি অ্যাপ তৈরি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নাম ‘আমার ঢাকা’ এর মাধ্যমে যে কোনও বিপদে মুহূর্তেই প্রিয়জন ও পুলিশের কাছে নিজের অবস্থানসহ বার্তা পৌঁছে দেওয়া যাবে।

ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আধুনিক ঢাকা বিনির্মাণের অংশ হিসেবে ‘আমার ঢাকা’ অ্যাপ তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে গুগল প্লে-স্টোরে এটি পাওয়া যাচ্ছে। যে কোনও অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে এখনই পরীক্ষামূলকভাবে অ্যাপটি ব্যবহার করা যাবে। ডিএসসিসির সিস্টেম অ্যানালিস্ট মো. আবু তৈয়ব রোকন বাংলা ট্রিবিউনকে জানান, অল্প সময়ের মধ্যেই এই অ্যাপ উদ্বোধন করা হবে।

জানা গেছে, ‘আমার ঢাকা’র নিরাপত্তা আইকন ব্যবহার করে প্রিয়জনের অবস্থান নিশ্চিত হওয়া যাবে। এছাড়া নাগরিক সেবা সংবলিত যে কোনও অভিযোগ এলে সিটি করপোরেশনের কন্ট্রোল রুম থেকে তা সমাধান করা হবে সরাসরি।

কেউ অপহরণকারীর খপ্পরে বা অন্য কোনও বিপদে পড়লে অ্যাপটির নিরাপত্তা আইকন চাপলেই পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে স্যাটেলাইটের সহায়তায় নিকটস্থ থানা ও স্বজনদের কাছে নিজের অবস্থানসহ বার্তা চলে যাবে। ডিএসসিসির সংশ্লিষ্ট দফতর সূত্র বাংলা ট্রিবিউনকে আরও জানিয়েছে— আক্রান্ত ব্যক্তির ছবি, অবস্থান ও কণ্ঠ স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে পরিবারের সদস্যদের কাছে। অ্যাপের ট্র্যাকিং সুবিধার মাধ্যমে আক্রান্ত ব্যক্তির গতিবিধি ও অবস্থান জানা যাবে। ফলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে পারবে।

‘আমার ঢাকা’ অ্যাপের মাধ্যমে নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে আশা করছেন ডিএসসিসির সিস্টেম অ্যানালিস্ট মো. আবু তৈয়ব রোকন। তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘নগরবাসীর দৌরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। অ্যাপটিতে নাগরিক সেবা বিষয়ক তথ্য ছাড়াও এর নিরাপত্তা আইকন ব্যবহার করে প্রিয়জনের গতিবিধি ও অবস্থান জানা যাবে। কেউ বিপদে পড়লে মাত্র কয়েক সেকেন্ড এসওএস আইকন চেপে ধরলে স্বজন ও নিকটস্থ পুলিশের কাছে বিপদ সংকেত বেজে উঠবে।’

ডিএসসিসির সিস্টেম অ্যানালিস্ট আরও জানান, পুরো ঢাকার সব তথ্য এই অ্যাপের আওতায় নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমে নিকটস্থ হাসপাতাল, পুলিশ স্টেশন, বাসস্ট্যান্ড, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশনের সেবা, এটিএম বুথসহ সব ধরনের জরুরি সেবা পাবেন নগরবাসী। এলাকার রাস্তা, সড়কবাতি, বর্জ্য, ড্রেনেজ, মশা, অবৈধ দখল, ঘুষ ও দুর্নীতিসহ সিটি করপোরেশনের কাছে যে কোনও অভিযোগ করা যাবে খুব সহজে। অভিযোগের সঙ্গে ছবি ও ভিডিও যুক্ত করে দেওয়া যাবে। মোবাইলে ছবি তোলার পর তা স্বয়ংক্রিয়ভাবে কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে।

সিটি করপোরেশনের প্রধান কার্যালয়সহ বিভিন্ন আঞ্চলিক শাখা থেকে প্রতিটি অভিযোগ ও মতামত দেখা যাবে। অভিযোগের ধরন বিশ্লেষণ করে সমাধানের উদ্যোগ নেবে ডিএসসিসি। অভিযোগটির বিষয়ে করপোরেশন কী সিদ্ধান্ত নিয়েছে বা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে কিনা অভিযোগকারী স্বয়ংক্রিয়ভাবে বিষয়টি জেনে যাবেন।

অ্যাপটি ব্যবহার করা যাবে বিনামূল্যেই। গুগল প্লে-স্টোর থেকে এটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে। এজন্য স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

‘আমার ঢাকা’য় অ্যাপে থাকছে সাতটি ফিচার। প্রতিটিতে থাকছে একাধিক সুবিধা। জেনে নিন কোনটি কেমন—

জরুরি সাহায্য: এতে দুটি আইকন রয়েছে— ‘আমাকে বাঁচাও’ বা সেভ আওয়ার সৌল (এসওএস) আর জরুরি সাহায্য। এসওএস আইকনে দ্রুত যোগাযোগ যোগ্য প্যানেল, এসএমএস  সার্ভিস, গুগল ম্যাপসহ ব্যবহারকারীর অবস্থান ট্যাগিং সিস্টেম রয়েছে। আর জরুরি সাহায্য আইকনে রয়েছে নাগরিকদের জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা পাওয়ার জন্য ন্যাশনাল হেল্পডেস্ক হটলাইন নম্বর ৯৯৯, ঢাকার সব হাসপাতাল, থানা, ফায়ার সার্ভিস ও নিকটাত্মীয় স্বজনদের প্রোফাইল।

অভিযোগ ও পরামর্শ: এই আইকনটির মাধ্যমে আট ধরনের অভিযোগ করা যাবে। এর মধ্যে কোনও কোনও বিষয়ে দেওয়া যাবে লিখিত অভিযোগ। এজন্য নগরভবনে যেতে হবে না। এছাড়া রাস্তাঘাট, মশা, অবৈধ পার্কিং, সড়কবাতি, ড্রেনেজ ব্যবস্থা, দুর্নীতি আর ইভটিজিং বিষয়েও পৃথক অভিযোগের সুযোগ থাকবে। এই আটটি আইকনের যে কোনও একটি নির্বাচন করে ছবি, অডিও ও ভিডিও সঠিক সময়সহ যে কোনও অভিযোগ পাঠানো যাবে সিটি করপোরেশনের কাছে।

আবেদন ফরম: এর মাধ্যমে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, আয়কর সনদ, ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স, ট্যাক্স ফরম ও উত্তরাধিকার সনদ পাওয়া যাবে।

আমার ঢাকা: এই অ্যাপে রয়েছে চারটি আইকন। এগুলো হলো— আমার আশেপাশে, আজকের ঢাকা, আপনি জানেন কি, অ্যাকাউন্ট। ‘আমার আশেপাশে’র আইকনে থাকছে ঢাকার সব বাসস্ট্যান্ড, সব ব্যাংকের এটিএম বুথ, ডিএসসিসির সব কাঁচাবাজার, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, ব্যাংক, ধর্মীয় উপাসনালয় ও ট্যুরিস্ট এলাকা। সব এলাকার গুগল ম্যাপসহ বিস্তারিত তথ্যও পাওয়া যাবে। আজকের ঢাকা ফিচারে থাকছে আবহাওয়ার সব আপডেট, মুদ্রা বিনিময় হার, ডিএসসিসির কাঁচাবাজারের দৈনিক বাজারদর ও শহরের চারপাশের দৈনন্দিন ঘটনা।

ডিএসসিসি:এতে থাকছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ইতিহাস, মেয়রের বার্তা, সব ওয়ার্ড ও কাউন্সিলরের কার্যালয়সহ বিস্তারিত, ডিএসসিসির সব বিভাগীয় কার্যালয়ের বিস্তারিত এবং নগর ভবনের তথ্য।

ডিএসসিসি নোটিশ: এই ফিচারে পাওয়া যাবে ডিএসসিসির সব নোটিশ।

সভার আলোচনাস্থল: অ্যাপের একটি আইকনের নাম ‘সভার আলোচনাস্থল’। এতে সংস্থার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তারা যদি কোনও সভা করে থাকেন সেসব সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে।