‘আকায়েদের ঘটনা উদ্বেগজনক হলেও পরিস্থিতির উন্নতি হবে’

নিউ ইয়র্কে জঙ্গি হামলায় অভিযুক্ত বাংলাদেশি আকায়েদ উল্লাহ’র কারণে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশিরা উদ্বিগ্ন কিন্তু তারা মনে করেন এই বিষয়টি তাদের জন্য লজ্জাজনক হলেও কিছুদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং তাদের অবস্থা সস্পর্কে জানার চেষ্টা করছি।’

তিনি বলেন,এ ধরনের ঘটনার পরে কিছুটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করবে এটি স্বাভাবিক,তবে বিষয়টি সেরকম গুরুতর নয়।

তিনি জানান,নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে কয়েক হাজার বাংলাদেশি কাজ করে এবং তারা অন্যদের মতো এ ঘটনাটির নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করে বলেছে,এটি একটি বিছিন্ন ঘটনা।

শামীম আহমেদ বলেন,‘এখানে বাংলাদেশিদের ট্র্যাক রেকর্ড অত্যন্ত ভালো। আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর করে যতটুকু জেনেছি ক্র্যাকডাউন হওয়ার কোনও সম্ভাবনা নেই।’

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,‘যুক্তরাষ্ট্র সরকারের এ বিষয়ে রি-অ্যাকশন কী সেটি প্রথমে বোঝা দরকার।’

সেখানকার হোমল্যান্ড সিকিউরিটি, জাস্টিস ডিপার্টমেন্ট, স্টেট ডিপার্টমেন্টসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের চিন্তাভাবনা কী সেটি জানা দরকার।

তিনি বলেন, এর ওপর ভিত্তি করে সেখানে অবস্থিত বাংলাদেশিদের আশ্বস্ত করতে পারে দূতাবাস। 

চেইন ইমিগ্রেশন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতির বিষয়ে তিনি বলেন,‘তিনি তার রাজনৈতিক বিবৃতি দিয়েছেন। এখন দেখার বিষয় এটি পলিসিতে পরিণত হচ্ছে কিনা।’

তিনি বলেন,‘এক্ষেত্রে বিষয়টি বাস্তবায়ন করতে কংগ্রেসের অনুমোদন লাগবে এবং সেটি সময়সাপেক্ষ ব্যাপার।’

হুমায়ুন কবির বলেন, আইন মান্যকারী হিসাবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অনেক সুনাম আছে এবং এধরনের বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে তারা যদি কোনও আগাম তথ্য পায় তবে তারা আইন-শৃঙ্খলা বাহিনী বা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারে।

গত সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনে বাস টার্মিনালের বিস্ফোরণে জড়িত সন্দেহে বাংলাদেশি আকায়েদ উল্লাহ (২৭)কে আটক করা হয়। ঘটনায় আহত আকায়েদকে বর্তমানে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।