২০ ডিসেম্বর থেকে রবিউস সানি মাস গণনা শুরু

 

ইসলামিক ফাউন্ডেশনবাংলাদেশের আকাশে মঙ্গলবার ১৪৩৯ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল ২০ ডিসেম্বর বুধবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে।  এর পরিপ্রেক্ষিতে, আগামী ১১ রবিউস সানি ১৪৩৯ হিজরী, ১৬ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ, ৩০ ডিসেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব মো. আনিছুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ১৪৩৯ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ততথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ, ২০ ডিসেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ বুধবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। এরই পরিপ্রেক্ষিতে, আগামী ১১ রবিউস সানি ১৪৩৯ হিজরী, ১৬ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ, ৩০ ডিসেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে।

সভায়  উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. সাইদুর রহমান, ধর্ম মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. মিজান-উল-আলম, ওয়াক্ফ উপ-প্রশাসক দেওয়ান মো. আব্দুস সামাদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের এস এস ও আবদুল্লাহ ইউসুফ ইমাম, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ।