রংপুরে একটি কেন্দ্রে ইভিএম নিয়ে সংশয় সিইসি’র

Untitled-1রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে একটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সার্বিক প্রস্তুতি নেওয়া হলেও শেষ সময়ে এর ব্যবহার নিয়ে সংশয় দেখা দিয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন সবিচালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংশয়ের কথা জানান।


সিইসি বলেন, ‘রংপুর সিটি নির্বাচনে একটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের প্রস্তুতি আমাদের রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়াসহ অন্যান্য ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে আগামীকাল ভোটের সময় না আসা পর্যন্ত বলা যাচ্ছে না, ওই কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে কিনা।’
এত প্রস্তুতির পরও ইভিএম ব্যবহার নিয়ে সংশয় কেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি নুরুল হুদা বলেন, ‘ইভিএম একটি টেকনিক্যাল বিষয়। এতে পারদর্শী হওয়ার বিষয় রয়েছে। ইভিএম ব্যবহার করতে গিয়ে কোথাও ভুল হয় কিনা— এমন আশঙ্কা রয়েছে। এ কারণে আমরা কোনও রিস্ক নিতে চাই না। একেবারে নিশ্চিত না হয়ে আমরা ইভিএম ব্যবহার করবো না। তাই এই নির্বাচনে (রসিক নির্বাচন) ইভিএম ব্যবহার হবে কিনা, তা জানতে আগামীকাল (বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর) পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রসিক নির্বাচন। জানা গেছে, এই নির্বাচনে ২৫নং ওয়ার্ডের রোকেয়া কলেজ কেন্দ্রে ইভিএম ব্যবহারের জন্য কমিশন প্রস্তুতি নিয়েছে।