প্রাথমিক স্তরে দ্রুত শিক্ষক নিয়োগ চায় সংসদীয় কমিটি। বুধবার অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে কমিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহকৃত ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টরগুলোর বর্তমান অবস্থা জানতে চেয়েছে। তারা এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরে মহাপরিচালক, মন্ত্রণালয় ও অধিদফতরের আইটি বিভাগকে আগামী বৈঠকে প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করেছে।
কমিটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাবু, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ ও বেগম উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন।
জানা গেছে, ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতর গত কয়েক বছর ধরে পর্যায়ক্রমে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করে আসছে। এগুলো প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর বাছাইকৃত শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট তৈরির হাতেকলমে শেখাতে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। তবে, প্রশিক্ষণ পেলেও বেশিরভাগ বিদ্যালয়গুলোতে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া ব্যবহার করে নিয়মিত পাঠ দান হয় না বলে অভিযোগ রয়েছে। এছাড়া ল্যাপটপ ও মাল্ডিমিডিয়া ক্রয়ের সময় কোটেশন অনুযায়ী নির্ধারিত কনফিগারেশন অনুযায়ী মালামাল সরবরাহ না করাসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠে। যার পরিপ্রেক্ষিতে কমিটি এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে বলে কমিটি সূত্রে জানা গেছে।
বৈঠকে কমিটি প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের বার্ষিক বরাদ্দ বৃদ্ধিকরণ, স্কাউট, স্টুডেন্ট কাউন্সিল সচল রাখার, পিয়ানো বাজানো শিক্ষাক্রম চালু রাখা ও ওয়াস ব্লক নির্মাণ কার্যক্রম অব্যহত রাখার সুপারিশ করে।
কমিটি প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা অব্যাহত রাখার বিষয়ে ইতিবাচক ও প্রচারণা সুপারিশ করে। এছাড়া জানুয়ারি মাসের মধ্যে সাঁওতালসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব বাসায় পাঠ্যপুস্তক মুদ্রণ এবং বিতরণের কাজ সম্পন্ন করার সুপারিশ করে।
কমিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র কর্মকমিশন (বিপিএসসি) গঠনের কার্যক্রম বেগবান করার সুপারিশ করে। এছাড়া জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদানের বিষয়ে নীতিমালা সংশোধনের সুপারিশ করে।