মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত তিনটি শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পরীক্ষা পেছানোর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, ‘তিনটি বোর্ডের চেয়ারম্যান ও কন্ট্রোলারদের নিয়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তাদের ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর অনুরোধ করা হয়েছে। এতে তারা সম্মত হয়েছেন।’
নির্বাচন হওয়ার ক্ষেত্রে কোনও আইনি জটিলতা নেই উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় মন্ত্রণালয় থেকে কমিশনকে অনুরোধ করা হয়েছে। জটিলতা থাকলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচনের অনুরোধ করা হতো না। ’
এদিকে নির্বাচন সচিব সাংবাদিকদের আগে জানিয়েছিলেন, জানুযারির দ্বিতীয় সপ্তাহে তফসিল ও ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন সূত্রে জানা গেছে, ২৪ অথবা ২৫ তারিখ ভোট হতে পারে। যার কারণে ওই দুদিনের পরীক্ষা পেছানো হয়েছে।