কক্সবাজারের মহেশখালীর পুটিবিলায় বাংলাদেশ বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তবে দুই বিমানের চার পাইলট নিরাপদ আছেন।
আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক (বিমান বাহিনী ডেস্ক) মো. নূর ইসলাম জানান, দুটি (YAK-130) বিমান বিধ্বস্ত হয়েছে। দুটি বিমানে চার জন ছিলেন। দুর্ঘটনার সময় বিমান দুটি রাডার থেকে বিচ্ছিন্ন ছিল। তাই দুর্ঘটনার কারণ জানা যাচ্ছে না।
তিনি বলেন, ‘আমাদের সঙ্গে পাইলটের যোগাযোগ নেই। রাডার বিচ্ছিন্ন। তারা ৬টায় উড্ডয়ন করছে চট্টগ্রাম থেকে। পৌনে ৭ টার দিকে আমরা খবর পেয়েছি বিধ্বস্তের।’
আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। চার পাইলট নিরাপদে আছেন বলে জানিয়েছেন তিনি।
রাশেদুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিধ্বস্ত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত না। বিমান উদ্ধার করার চেষ্টা চলছে। চার পাইলট নিরাপদে আছেন।’
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে কেবল আগুন জ্বলতে দেখছি। দূর থেকে একটি বিমানের অর্ধেক দেখা যায়। আর কিছু দেখা যাচ্ছে না। ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে।’
কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমান মোহন্ত বাংলা ট্রিবিউনকে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ‘আমরা দুর্ঘটনার খবর জেনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।’
ফায়ার সার্ভিসের কক্সবাজারের স্টেশন অফিসার সাফায়েত হোসেনও বাংলা ট্রিবিউনকে দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ‘আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে। এখনও উড়োজাহাজের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।’