ফার্মগেটে অনুমোদনহীন ব্যানার-বিলবোর্ড অপসারণ করছে ডিএনসিসি

ফার্মগেট এলাকায় চলছে ডিএনসিসির উচ্ছেদ অভিযানঅনুমোদনহীন ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণে রাজধানীর ফার্মগেট এলাকায় উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নেতৃত্বে আনন্দ সিনেমা হলের সামনে থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।
অভিযান চলাকালে দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিয়র রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরীকে পরিচ্ছন্ন রাখতে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন ও ওভারহেড সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। সেই সঙ্গে এখন পর্যন্ত ১ লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে।’ দিনব্যাপী এ অভিযান চলবে বলে জানান তিনি।
অভিযানে দুপুর ১টা পর্যন্ত ১ লাখ টাকারও বেশি জরিমানা করা হয়েছে ব্যবসায়ীদেরঅভিযান চলাকালে অনুমোদনহীন সাইনবোর্ডের কারণে ক্রাউন স্যানিটারি এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, আশিক স্যানেটারিকে ৩০ হজার টাকা ও বাথ সলিউশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ন্যাশনাল হার্ডওয়্যার, ওয়ালটনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে অনুমোদনহীন সাইনবোর্ড রাখার কারণে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘ট্রেড লাইন্সের অনুযায়ী একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড এবং ব্যানারের জন্যও নির্দিষ্ট ফি দিয়ে অনুমতি নিতে হয়। যারা অনুমোদনহীন সাইনবোর্ড টানিয়েছে, তাদের জরিমানা করা হয়েছে।’
সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, ব্যবসায়ীরা একটি সাইনবোর্ডের অনুমতি নিয়ে দুই বা তারও বেশি সাইনবোর্ড-ব্যানার লাগিয়েছেন। তারা এভাবে শহরকে অপরিচ্ছন্ন করছেন। এসব ব্যানার ও সাইনবোর্ড সরিয়ে নিতে ব্যবসায়ীদের একাধিকবার বলা হলেও তারা সে নির্দেশনা মানেননি। সে কারণেই তাদের জরিমানা করা হচ্ছে।
এর আগে, একই এলাকায় গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ছয়টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আরও পড়ুন-
‘ছেলের নাম বাবা ঘোষণা করে, এটা কেমন গণতন্ত্র’