অনেক অভিজ্ঞতার ফলেই এই ৯৯৯: ফায়ার সার্ভিস ডিজি

অনেক অভিজ্ঞতার ফলেই এই ৯৯৯ কল সেন্টার, বলে জানিয়েছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহাম্মেদ খান। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে বাংলা ট্রিবিউনের ‘সেবার নাম ৯৯৯’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি একথা জানান।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহাম্মেদ খানফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। আমরা যেহেতু সেবা দেওয়ার জন্যই কাজ করি সেহেতু অনেক অভিজ্ঞতার ফলেই আজ এই ৯৯৯ কল সেন্টার।’

সারাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয় উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ভালো একটি প্ল্যাটফর্ম আগে এভাবে করা যায়নি। এখন হচ্ছে, এই ৯৯৯-এ কল দিয়ে নানারকম সুবিধা পাওয়া যায়।’

আলী আহাম্মেদ খান আরও বলেন, ‘বিদ্যুৎ, আগুন, গ্যাস, অ্যাম্বুলেন্স সেবাসহ নানা সমস্যার জন্য এই সেবা প্রতিষ্ঠানে সেবা পাওয়া যায়। আর যেহেতু একটি ধারণা তৈরি হয়েছে, যারা যে কারণে ফোন দেবে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে অটোমেটিক ওই সেক্টরেই ফোন চলে যাবে।’

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বৈঠকিটি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও উপস্থিত আছেন- টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের (টিঅ্যান্ডআইএম) ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম, এমসিসি লিমিটেডের হেড অব রিসার্চ মেহেদী হাসান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক আনজাম আনসার বাজু এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।