বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘সেবার নাম ৯৯৯’ শীর্ষক বৈঠকিতে টিঅ্যান্ডআইএমের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ এসব কথা বলেন।
এই সেবার শুরুর পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ৯১১ সেবার কথা মাথায় রেখেই মূলত ৯৯৯ সার্ভিস শুরু করা হয়েছিল। আমরা যারা বিদেশে গিয়েছি, আমরা দেখেছি একটি নম্বরে কল করেই একসঙ্গে অনেক সেবা পাওয়া যায়। ফলে বাংলাদেশেও এমনই একটি সেবা দেওয়ার চিন্তা করেছি আমরা। নম্বরের ক্ষেত্রে বলব, নম্বরটি অনেক লম্বা হলে মানুষের মুখস্ত রাখাটা কঠিন হয়ে যায়। তাই নম্বরটা ছোট করা হয়েছে। পরে গত ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার সন্তান সজিব ওয়াজেদ জয় এই সেবা উদ্বোধন করলেন।’
টিঅ্যান্ডআইএমের ডিআইজি ব্যারিস্টার হারুন আরও বলেন, ‘শুধু কলারের তথ্য যে পুলিশ অথবা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছেম তা কিন্তু নয়। পরে সেটা ফলোআপ করা হচ্ছে। বলা হয়, যে তথ্য দেওয়া হয়েছিল সেটার কী ব্যবস্থা নিলেন। ফলে আমরা অনেক ভালোভাবেই এগিয়ে যাচ্ছি। থমকে যাওয়ার কোনও সম্ভবনা নেই। বরং এই সেবা অনেক এগিয়ে যাবে। আমরা ২৫ হাজার কল প্রতিদিন রিসিভ করছি। তবে অনেক মিস কল, অথবা ফেক কল আসে। সেগুলো নিয়ে কিভাবে কী করা যায়, তা নিয়েও ভাবা হচ্ছে।’
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বৈঠকিটি।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও উপস্থিত আছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহাম্মেদ খান, এমসিসি লিমিটেডের হেড অব রিসার্চ মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক আনজাম আনসার বাজু ও বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।
আরও পড়ুন-
১০ মাসে ৩৩ লাখ কল এসেছিল: মেহেদী হাসান
‘সেবার নাম ৯৯৯’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু
অনেক অভিজ্ঞতার ফলেই এই ৯৯৯: ফায়ার সার্ভিস ডিজি