রোহিঙ্গা ক্যাম্পে ডিপথেরিয়ার প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে ব্রিটিশ মেডিক্যাল টিম

উখিয়ার বালুখালী এলাকায় রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোয় দ্রুত ছড়িয়ে পড়া ডিপথেরিয়ার প্রাদুর্ভাব মোকাবিলায় একটি ব্রিটিশ ইমারজেন্সি মেডিক্যাল টিম (ইএমটি) শিগগিরই বাংলাদেশে আসছে। ৪০ জনের এ টিমে থাকবে চিকিৎসক, নার্স ও অগ্নি নির্বাপন কর্মী।

ব্রিটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,বৃহস্পতিবার থেকে সংগঠনটির বেশ কিছু মেডিক্যাল সদস্য আসা শুরু করবেন এবং শিগগিরই এই টিমের বাকি সদস্যরা আসবেন।

বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাসে প্রায় ২ হাজার শিশু আক্রান্ত হওয়ার ঘটনা এবং ২২ জনের মৃত্যুর পর বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ ইএমটি এগিয়ে আসে।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প প্রতিদিন প্রায় ১৬০টির মত নতুন রোগী এই সংক্রমণের শিকার হচ্ছে।

ইএমটি কক্সবাজারে স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করবে এবং ছয় সপ্তাহ স্বাস্থ্য সেবা দেবে। এতে ন্যাশনাল হেলথ সার্ভিসের চিকিৎসক, নার্স চিকিৎসাকর্মী ও এপিডেমিওলজিস্টসহ ৩৬ জন স্বাস্থ্যকর্মী ডিপথেরিয়া থেকে জীবন রক্ষায় চিকিৎসা সেবা প্রদান করবে।

পাশাপাশি, পাঁচ সদস্যের একটি অগ্নিনির্বাপক দল ইএমটি’র সদস্যদের তাদের চিকিৎসা জরুরি সেবা প্রদানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে পরামর্শ প্রদান করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে বুধবার একটি অগ্রগামী দল কক্সবাজার পরিদর্শন করেছে। খবর বাসস।