বিদ্যুৎ প্রতিমন্ত্রী ‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরস্কারে ভূষিত

নসরুল হামিদওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস বাংলাদেশের যুব সমাজের উন্নয়ন তথা যুবকদের সংগঠিত করে তাদের অর্থনৈতিক সুবিধা বৃদ্ধিতে অবদান রাখার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরস্কারের জন্য মনোনীত করেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন মঙ্গলবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস সাধারণত গুণগত মানসম্পন্ন উন্নয়নের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে কার্যকর উন্নয়নে অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সম্মান প্রদর্শন করে থাকে বলে তিনি জানান।

আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে পুরস্কার দেওয়া হবে। বিশ্বের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অনেকেই এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন।

ওয়ার্ল্ড এইচআরডি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং করপোরেট ক্ষেত্রগুলো নিয়ে কাজ করে এবং এসব ক্ষেত্রে উন্নয়নে অবদানের জন্য সম্মানিত করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন, আইডিয়া প্রতিযোগিতা, ইন্টার্নশিপ, তরুণ উদ্যোক্তা সৃজন ও উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে অবদান রেখে বাংলাদেশের যুবকদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির জন্য নসরুল হামিদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ জন্য প্রতিমন্ত্রীকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।