বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা কার্যকর

আদালতনিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট আপিল বিভাগ গ্রহণ করেছেন। গ্রহণের পর থেকেই শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা কার্যকর হলো বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুধবার (৩ জানুয়ারি) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট হয়েছে। বিধিটি আমরা আপিল বিভাগে দাখিল করেছি। আপিল বিভাগ এটি গ্রহণ করেছেন। এখন থেকে এটা কার্যকর হলো। এতদিন বিচারকদের শৃঙ্খলাবিধির কোনও বিধান ছিল না,  এখন হয়েছে। আদালত স্বাচ্ছন্দ্যে বিধিটি গ্রহণ করেছেন।’ 

মাহবুবে আলম আরও বলেন, ‘বিধিটির অনুসন্ধান ও তদন্তে সব ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে রাষ্ট্রপতি কিংবা মন্ত্রণালয় (আইন) সুপ্রিম কোর্টের পরামর্শে সিদ্ধান্ত নেবেন।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘পত্রিকায় প্রকাশিত কয়েকটি কলাম ও টক শোতে অনেকেই বলছেন, এ গেজেটের মাধ্যমে সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব হয়েছে। এটা একটি ভুল ধারণা। বিধিটি পড়লেই সবাই বুঝতে পারবেন।’

আদালত এটি পুরোপুরি কেন নিষ্পত্তি করেননি তা জানতে চাইলে তিনি বলেন, ‘ইতোপূর্বে আদালত আদেশ দিয়েছেন এবং ভবিষ্যতেও এটি নিয়ে কোনও দ্বন্দ্ব দেখা দিলে আদালত সময় সময় তা পরিবর্তন করতে পারবেন। এর ফলে এটিকে সাময়িকভাবে নিষ্পত্তি করা হয়েছে।’

মাহবুবে আলম বলেন, ‘এতদিন রুলস ছিল না, এখন হয়েছে।’ বিধিমালার কারণে বিচারকদের প্রতিটি কর্মকাণ্ড সচল হবে এবং বিচারিক কর্মকর্তারা সতর্ক থাকবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন- 

বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট গ্রহণ করেছেন আপিল বিভাগ

‘সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে' লেখা দেখে উচ্ছ্বসিত আবদুল ওয়াহহাব মিঞা