ঢাকায় ওআইসির পর্যটনমন্ত্রীদের সম্মেলন শুরু ৫ ফেব্রুয়ারি

ওআইসিঅর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) সদস্য দেশগুলো পর্যটনমন্ত্রীদের দশম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি। এর উদ্বোধন করতে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের সভাপতিত্বে এ সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
সভায় আশাবাদ ব্যক্ত করা হয়— ওআইসি’র সদস্য দেশগুলোর মধ্যে পর্যটনভিত্তিক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ইসলামিক কালচারাল হেরিটেজ, রিলিজিয়াস ট্যুরিজমসহ পর্যটনের প্রসারের মাধ্যমে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থান সৃষ্টিতে এবারের সম্মেলন বিশেষভাবে ভূমিকা রাখবে।
সভায় আরও ছিলেন বিমান ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দফতরগুলোর কর্মকর্তারা।
২০১৫ সালের ২১ থেকে ২৩ নভেম্বর নাইজারের রাজধানী নিয়ামিতে অনুষ্ঠিত হয় ওআইসি’র সদস্য দেশগুলোর পর্যটনমন্ত্রীদের নবম সম্মেলন। সেই সময় সর্বসম্মতভাবে দশম সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।