১৫ হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে ডিএসসিসি

বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছেবাড়িতে গিয়ে  ১৫ হাজার ৩৭২ জন রোগীকে বিনামূল্যে  চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ। শুক্রবার দুপুর পর্যন্ত এ সংখ্যক রোগীকে সেবা দেওয়া হয়েছে। ডিএসসিসির উদ্যোগে বাস্তবায়িত শীতকালীন প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় এ সেবা দেওয়া হয়েছে।

ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে,  শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নারী শিশু ও বয়স্করা জ্বর, সর্দি, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের ২৫ ভাগই শিশু।

ঢাকা দক্ষিণের ৫ নং অঞ্চলের ৪৫, ৫০, ৫২ নং ওয়ার্ডের দক্ষিণ ও উত্তর যাত্রাবাড়ী, মীর হাজীরবাগ, মুরাদপুর, জুরাইন, ধলপুর এলাকা এবং অঞ্চল ৩ এর কামরাঙ্গীরচর এলাকা থেকে বেশি রোগী পাওয়া যাচ্ছে। বস্তি এলাকাতেও আক্রান্ত রোগীদের সংখ্যা তুলনামূলক বেশি।

এসব রোগীদের হিস্টাসিন, প্যারাসিটামল, সলবিউটামল, মেট্রোনিডাজল ইত্যাদি ট্যাবলেট এবং স্যালাইন দেওয়া হয়েছে। 

শুক্রবার দুপুর পর্যন্ত ডিএসসিসির কল সেন্টারে ৪৯ হাজার ৭৩২টি কল পাওয়া গেছে। সংস্থার এ সেবা কার্যক্রম ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। সেবা পেতে নাগরবাসীকে ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করার আহ্বান জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ।