শীতার্তদের মাঝে সরকারের ৬১ লাখ কম্বল বিতরণ

 

কম্বলশীতের কষ্ট লাঘবে ৬১ লাখ পিস কম্বল বিতরণ করেছে সরকার। এগুলো সংশ্লিষ্ট জেলায় পৌঁছে গেছে। জেলা ও উপজেলা প্রশাসন এ কম্বলগুলো দ্রুত শীতার্তদের মধ্যে বিতরণ করছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৯ লাখ পিস ও ত্রাণ মন্ত্রণালয় থেকে তিন দফায় ৪২ লাখ পিস কম্বল দেশের উত্তরবঙ্গের ২০ জেলায় পাঠানো হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ের সূত্রে তথ্য জানা গেছে।

 গত ৪/৫ দিনের ব্যবধানে দেশের উত্তরাঞ্চলে হাড়কাপানো শীত জেঁকে বসেছে। সেখানে বইছে শৈত্যপ্রবাহ। এসব জেলার তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এই সংকট কাটাতেই গত কয়েকদিন আগে ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রথম দফায় ৯ লাখ পিস ও দ্বিতীয় দফায় সোমবার আরও একলাখ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে স্বাভাবিক নিয়মেই শীতের আগাম প্রস্তুতি হিসেবে শীত সংক্রান্ত দুর্যোগ মোকাবিলায় দেশের উত্তরাঞ্চলের ২০ জেলায় ৩২ লাখ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলো নভেম্বর মাস থেকেই জেলা প্রশাসকের তত্ত্বাবধানে রয়েছে। এগুলোও এই সময়ে বিতরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল বালা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি দেশের উত্তরাঞ্চলের ২০ জেলার জন্য দুই দফায় ১০ লাখ পিস কম্বল পাঠানো হয়েছে। এর আগে শীত সংক্রান্ত জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে জেলা প্রশাসকদের কাছে ৩২ লাখ পিস কম্বল পাঠানো হয়েছে। যা জেলা প্রশাসকদের তত্ত্বাবধানে রয়েছে। এছাড়া শীতার্ত মানুষের জন্য ৮০ হাজার প্যাকেট শুকনা খাবার পাঠানো হয়েছে। প্রতি প্যাকেটে ১ হাজার ২০০ টাকা দামের বিভিন্ন খাবার সামগ্রী রয়েছে। শীতের সময় দিন আনে দিন খাওয়া সাধারণ খেটে খাওয়া মানুষ কাজে যেতে পারেন না। তাই এ সব দরিদ্রকে   সাহায্য করতে সরকার এ উদ্যোগ গ্রহণ নিয়েছে জানিয়েছেন সচিব।

এদিকে গরিব মানুষ যেন কোনোভাবেই শীতে কষ্ট না পায়, সেজন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে চাঁদপুরে এক অনুষ্ঠানে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘গরিব মানুষ যেন কোনোভাবেই শীতে কষ্ট না পান, সে জন্যই প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন।’ কোনও এলাকায় এখনও কম্বল বিতরণ শেষ না হলে দ্রুত সব কম্বল বিতরণের জন্য তিনি সংসদ সদস্যদের প্রতি অনুরোধ করেন।

জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘শীতার্ত মানুষের জন্য দেশব্যাপী ২৭ লাখ কম্বল প্রেরণ করা হয়েছে। বেশিরভাগ কম্বল উত্তরাঞ্চলে পাঠানো হয়েছে। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণভাণ্ডার থেকে ১৮ লাখ কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে।’

মঙ্গলবার (০৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চলমান শৈত্যপ্রবাহ ও সরকারের মানবিক উদ্যোগের বিষয়ে সচিবালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন আহ্বান করেছে ত্রাণ মন্ত্রণালয়। ওই সংবাদ সম্মেলনে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সচিব শাহ্ কামাল উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দেওয়ান মোহম্মদ ওমর ফারুক।