বাগেরহাটের ৬ মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালমানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের সুলতান আলী খানসহ ছয় জনের বিরুদ্ধে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

বাকি আসামিরা হলেন, রুস্তম আলী মোল্লা, শেখ রফিকুল ইসলাম, আজহার আলী শিকদার, মনিরুজ্জামান হাওলাদার ও শেষ ইদ্রিস আলী।

জানা গেছে, এ মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। যাদের মধ্যে ৫ জন গ্রেফতার আছে, ২ জন মৃত এবং ৬ জন পলাতক। আসামিদের মধ্যে কারাগারে আছেন, খান আকরাম হোসেন, ইদ্রিস আলী মোল্লা, মকবুল মোল্লা, শেখ উকিল উদ্দিন, হাসেশ আলী।

এছাড়াও মামলার চলমান অবস্থায় মোকসেদ দিহিদার ও কালাম আশরাফ আলীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

ট্রাইব্যুনালে পলাতক আসামিদের বিরুদ্ধে বিজ্ঞপ্তি চেয়ে আবেদন করেন প্রসিকিউটর মোকলেসুর রহমান বাদল। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন। এছাড়া আসামিপক্ষে ছিলেন- অ্যাডভোকেট গাজী এমএইচ তামীম।

আরও পড়ুন:
একাত্তরে গণহত্যা: দুই জনের মৃত্যুদণ্ড, তিন জনের আমৃত্যু কারাদণ্ড