মাওলানা সা’দ বুধবার (১০ জানুয়ারি) বাংলাদেশে আসছেন- এমন খবর ছড়িয়ে পড়লে তাকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন তারা।
জানা গেছে,দিল্লির নিজামুদ্দিনের ‘বিতর্কিত’ মুরব্বি মাওলানা মুহাম্মদ সা’দের আসন্ন বিশ্ব ইজতেমায় আসার বিরোধিতা করছেন বাংলাদেশ-ভারতের তাবলিগ-জামাতকর্মী ও কওমিপন্থী আলেমদের একাংশ। তারা বলছেন, দারুল উলুম দেওবন্দ থেকে সা’দের ‘বিতর্কিত’ বক্তব্যের কারণে তার সঙ্গে কাজ করতে নিষেধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আহমদ শফীসহ বাংলাদেশের সিনিয়র আলেমরাও চান, বিশ্ব ইজতেমায় সংঘর্ষ এড়াতে সা’দ ও তার অনুসারী বা বিরোধীরাও যেন ইজতেমায় অংশ না নেন। যদিও তাবলিগের শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মোহাম্মদ খান শাহাবুদ্দীন নাসিম, অধ্যাপক ইউনূস শিকদার, মাওলানা মোশাররফ হোসাইন সা’দের ঢাকা সফরের পক্ষে রয়েছেন।
তাবলিগ কর্মী ও কওমি আলেমরা বিমানবন্দর বাসস্ট্যান্ডের চারপাশে অবস্থান নিয়ে মাওলানা সা’দ বিরোধী স্লোগান দিচ্ছেন। তাকে বাংলাদেশে আসতে না দেওয়ার জন্য দাবি করছেন তারা।
এ প্রসঙ্গে তাবলিগ কর্মী শাহরিয়ার বলেন, ‘গত ৭ জানুয়ারি যাত্রাবাড়ীতে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসায় তাবলিগের শুরা উপদেষ্টা, শুরা সদস্য ও ভারতে সফরকারী প্রতিনিধি দলসহ ২১ জনের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সবাই সা’দের বিপক্ষে মত দিয়েছেন। এরপরও মাওলানা সা’দ বাংলাদেশে আসলে তাবলিগের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।’
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা বিমানবন্দরের গোল চত্বরের বিপরীতে পুলিশ বক্সের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি করছেন। আমাদের সঙ্গে তাদের কথা হয়েছে। তারা কর্মসূচি শেষে চলে যাবেন। রাস্তার দু’পাশেই গাড়ি চলছে। কোনও সমস্যা হচ্ছে না।’