বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে উভয়পক্ষের নেতারা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
সা’দবিরোধী মাওলানা শাহরিয়ার মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল ৩টায় সচিবালয়ে আসতে তাদেরকে বলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সোয়া দুইটার মধ্যে সচিবালয়ে থাকার কথা বলা হয়েছিল। কিন্তু অনেক মুরব্বি রাস্তায় থাকায় বৈঠক একটু দেরি করে শুরু হবে।’
হেফাজতের ঢাকা মহানগরের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম হোসাইন কাসেমী বলেন, ‘আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে ডাকা হয়েছে। আমরা সেখানে যাচ্ছি।’
যদিও কাকরাইলের মুরব্বি ও সা’দপক্ষের ড. রফিক বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বৈঠক কাকরাইল মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘হয় কাকরাইলে না হয় টঙ্গীতে বৈঠক হবে, অন্য কোথাও নয়। সোয়া দুইটায় হওয়ার কথা থাকলেও অনেক মুরব্বি টঙ্গী থেকে আসবেন, এ কারণে সময় লাগছে।’
তবে কাকরাইল মসজিদের সামন থেকে একাধিক প্রত্যক্ষদর্শী বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন, দুপুর ২টা ৪৮ মিনিটে মাওলানা সা’দ পক্ষের মুরব্বি ও বাংলাদেশে তাবলিগের শুরা সদস্য সৈয়দ ওয়াসিফ ইসলামসহ ৩ জন মুরব্বি কাকরাইল মসজিদ থেকে বের হয়েছেন। জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের উদ্দেশ্যেই বের হয়েছেন তারা। তিনিসহ তাবলিগ জামাতের সাতজন মুরব্বি মাওলানা সা’দের পক্ষে অবস্থান নিয়েছেন বলেও জানা গেছে।
যদিও এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনও মন্তব্য পাওয়া যায়নি। তার ব্যক্তিগত সহকারী জানান, তিনি ব্যস্ত আছেন।
তাবলিগ জামাতের একাংশ ও কওমিপন্থীরা বিশ্ব ইজতেমায় মাওলানা সা’দ কান্ধলভির অংশগ্রহণ ঠেকাতে মাঠে নেমেছে। বিশ্ব ইজতেমায় মাওলানা সা’দের অংশগ্রহণ ঠেকাতে কওমি মাদ্রাসার ছাত্রদের কাকরাইল মসজিদ ও ইজতেমা মাঠে যাওয়ার নির্দেশ দিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা আবদুল কুদ্দুছ।
এদিকে বুধবার ঢাকায় আসার পর কঠোর নিরাপত্তার মধ্যে রাজধানীর কাকরাইল মসজিদে অবস্থান করছেন মাওলানা সা’দ।
সম্প্রতি কওমি শিক্ষা নিয়ে ‘বিতর্কিত ‘ মন্তব্যের জের ধরে তাবলিগ জামাতের দিল্লির মুরব্বি মাওলানা সা’দের বিরুদ্ধে অবস্থান নেন ভারতের দেওবন্দের আলেমরা। এরই জের ধরে বাংলাদেশেও কওমি আলেমরা তাকে প্রতিহতের ঘোষণা দেন। আসন্ন ইজতেমায় অংশ নিতে গতকাল বুধবার (১০ জানুয়ারি) মাওলানা সা’দ ঢাকায় এলে বিমানবন্দরেই তাকে প্রতিহতের উদ্দেশ্যে তাবলিগের একাংশ ও কওমিপন্থী আলেমরা প্রতিবাদ জানাতে থাকেন। তবে বিকালে বিশেষ পুলিশ প্রহরায় তাকে কাকরাইলের তাবলিগ মসজিদে আনা হয়। এ ঘটনায় বিমানবন্দর ও আশেপাশের এলাকায় টানা ৭ ঘণ্টা মারাত্মক দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। বিষয়টির কোনও সমাধান না হওয়ায় আজও সা’দবিরোধীরা আন্দোলন শুরু করে। এ অবস্থায় উদ্ভূত সমস্যার সমাধানে উভয়পক্ষকে আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে বসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আগামীকাল শুক্রবার (১২ জানুয়ারি) টঙ্গীর তুরাগ নদীর পারে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে।