শিগগিরই এমপিওভুক্তির সুখবর: শিক্ষামন্ত্রী

সংসদে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদবেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিষয়ে শিগগির সুসংবাদ নিয়ে আসতে পারবেন বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে কৌশলগত কারণে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জাতীয় সংসদে একটি সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এমপিওভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সব চেষ্টা করে যাচ্ছে। তবে এমপিওভুক্তির বিষয়টি নির্ভর করে অর্থের ওপর। অর্থ মন্ত্রণালয় না চাইলে এটি করা যায় না। আর একবার এমপিওভুক্ত করা হলে টাকা সংস্থানের উৎস স্থায়ী করতে হয়।’
এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের আন্দোলনের দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘আমি অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। অর্থমন্ত্রী এমপিওভুক্তির বিষয়ে মত দিয়েছেন। প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন। এমপিওভুক্তির বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’
এর আগে, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য এম এ মালেক তার সিদ্ধান্ত প্রস্তাবে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রস্তাব করেন। এতে আরও ১০ জন সংসদ সদস্য সংশোধনী দেন।
আরও পড়ুন-
নিবন্ধন পেতে আবেদন করেছে ২,০১৮টি অনলাইন: সংসদে তথ্যমন্ত্রী
সমুদ্র ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনে সমীক্ষা হচ্ছে: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী