ভোলায় মজুদ আছে ১.৫ টিসিএফ গ্যাস

গ্যাস ক্ষেত্র (ছবি: ভোলা প্রতিনিধি)ভোলার ভাদুরিয়ায় আবিষ্কৃত গ্যাসক্ষেত্রে এক দশমিক ৫ ট্রিলিয়ন কিউবিক ফুট (টিসিএফ) গ্যাস মজুদ আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের বিষয়টি অবহিত করা হয়। পরে বিকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, ‘আজকের সভায় ভোলার ভেদুরিয়ায় গ্যাসক্ষেত্র পাওয়ার বিষয়টি জানানো হয়। এটি দেশের ২৭তম গ্যাসক্ষেত্র। সেখানে ১ দশমিক ৫ ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস মজুদ আছে।’

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী ভোলা নর্থ-১ গ্যাস অনুসন্ধান ‍কূপ খনন উদ্বোধন করেন। ওই সময় তিনি জানিয়েছিলেন,বাপেক্স চলতি অর্থ বছরে আরও ৪টি গ্যাস অনুসন্ধান কূপ খনন করবে। ইতিমধ্যে ৯টি কূপ খনন কাজ সম্পন্ন হয়েছে। ইতোপূর্বে শাহবাজপুর ইস্ট গ্যাসকূপ খনন করা হয়েছে, সেখানে বিপুল পরিমাণ গ্যাস পাওয়া গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ও আমেরিকান কোম্পানি হ্যালিবারটনের সহযোগিতায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স)এ কূপ খননের কাজ করছে।
আরও পড়ুন:
বৈধতা পাচ্ছে উবার-পাঠাও, নীতিমালার খসড়ায় অনুমোদন