রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের নিয়োগ পরীক্ষায় যে অব্যবস্থাপনা হয়েছে তাতে কেউ দ্বিমত পোষণ করছে না। কিন্তু এই অব্যবস্থাপনার কারণ খুঁজে তা নির্মূল করা এখন প্রধান কাজ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি শিক্ষার্থীদের যে হেনস্থা এবং মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে তার জন্য ‘টর্ট আইনে’ ক্ষতিপূরণ দাবি করার সুযোগ রয়েছে বলেও মনে করেন তারা। বৃহস্পতিবার বিকালে বাংলা ট্রিবিউন স্টুডিওতে অনুষ্ঠিত ‘ব্যাংক কর্মকর্তা নিয়োগে জটিলতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকিতে এসব অভিমত ব্যক্ত করেছেন আলোচকরা।
বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ বলেন, ‘ব্যাংকে নিয়োগের এতো বড় একটা পরীক্ষা তার সঙ্গে নাকি আবার একটা ম্যানেজমেন্ট বিভাগ জড়িত। তার সঙ্গে আবার বিখ্যাত শিক্ষক মহিউদ্দিন স্যার যুক্ত। উনি যতই মেধাবী হোন, তাকে দিয়ে জাতি কোনও উপকার পাচ্ছে না। ব্যবসাটা কিন্তু হচ্ছে। এগুলো ব্যাপার প্রাতিষ্ঠানিকভাবে দেখা উচিত। নিয়োগ পরীক্ষা তো আজকে হচ্ছে না, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও হয়েছে এখনও হচ্ছে। একটা সমন্বিত পদ্ধতি তখন থেকেই চালু আছে। এটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে দেওয়ার মতো দায়িত্ব না।’
অ্যাক্টিভিস্ট এবং এনজিও কর্মকর্তা শরীফুল হাসান বলেন, ‘ব্যক্তি কখনও দায় নেয় না, বিভাগ নেয়। এই যে ২ লাখ ছেলেমেয়ে সারা দেশ থেকে এলো, কষ্ট করলো পরীক্ষা দিলো। এই যে তাদের যে কষ্ট এই দায়িত্ব নেয়ার কি কিছু নাই? এই দায় কি কেউ নেবে না? তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা দেখবে সমস্যাটা কোথায় ছিল, তারা সেই অনুযায়ী সুপারিশ করবে এবং কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে যাতে ভবিষ্যতে এরকম আর না হয়।’
বাংলা ট্রিবিউনের সাংবাদিক গোলাম মওলা বলেন, ‘এই কমিটি গঠন হওয়ার পরে একজন শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার জন্য কোনও টাকা খরচ করতে হচ্ছে না। ৩ লাখ ২৬ হাজার আবেদন করেছে। কিন্তু এক লাখের ওপরে শিক্ষার্থী প্রবেশপত্র নিলেন না। টাইম ছিল কিন্তু ২৫দিন। যারা পরীক্ষা নেন তারাও চিন্তা করেন ৮০ শতাংশ কিংবা ৫০ শতাংশ পরীক্ষা দিবে। এই একটা কেন্দ্রে ঝামেলা হওয়ায় এই আলোচনায় বসছি আমরা। এর আগেও কমিটি নিয়ে কথা উঠেছে। এটা কোথাও না কোথাও কেউ না কেউ করছে।’
মুন্নী সাহার সঞ্চালনায় বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এটিএন নিউজে সরাসরি সম্প্রচার করা হয় এই গোলটেবিল বৈঠকি। এছাড়া বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমেও দেখা যায় অনুষ্ঠানটি।
- পরীক্ষার ব্যবস্থাপনা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে: হারুন উর রশীদ
- ‘ব্যাংকার্স সিলেকশন কমিটির বিচার করা যায় কিনা দেখা উচিত’
- সমস্যা হচ্ছে পরীক্ষা কারা নিচ্ছে সেটা নিয়ে: মোহাম্মদ নুরুল আমিন
- রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কখনোই ভালো ব্যবস্থায় ছিল না: গোলাম মওলা
- ‘ব্যাংকার্স সিলেকশন কমিটির নেওয়া প্রতিটি পরীক্ষায় অব্যবস্থাপনা ছিল’