কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা কেউ বেকার নেই: মুফতি ফয়জুল্লাহ

‘বাংলাদেশে সাধারণ শিক্ষায় শিক্ষিত ২ কোটি শিক্ষার্থী বেকার আছে অথচ কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এখন পর্যন্ত কেউ বেকার নেই। তাদের নিজেদের যোগ্যতা দিয়ে চাকরিজীবনে প্রবেশ করে। আলেমদের নিয়ে ভাবতে হবে না, তারা কেউ বেকার নেই।’ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে ‘বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার ভবিষ্যৎ’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়ে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ সভাপতি মুফতি ফয়জুল্লাহ এসব কথা বলেন।

মুফতি ফয়জুল্লাহমুফতি ফয়জুল্লাহ বলেন, ‘আমরা সবসময়ই চাই বাংলাদেশের সবগুলো মাদ্রাসা একই বোর্ডের নিয়ন্ত্রণে থাকবে। একই সিলেবাসের ভিত্তিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে বলেও আমরা আশা করি। এখন আমি আশাবাদী অনার্স ও মাস্টার্স সমমানের যে পড়াশোনা রয়েছে তা কিন্তু জেনারেল শিক্ষার অনেক কাছাকাছি।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক পর্যায়ের মাদ্রাসাগুলোতে কোরআন শেখানোর পাশাপাশি শিক্ষার্থীদের আরও যুগোপযোগী করে গড়ে তুলতে আরও বেশ কিছু বই পাড়ানো হয়। মাদ্রাসাগুলোতে আদর্শিকতা, ইসলামিক, দিনি শিক্ষা দেওয়া হয়, নৈতিকতা শেখানো হয়।’

রাজধানীর শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভলপমেন্টের হেড অব অপারেশন্স সারওয়ার জাহান চৌধুরী, ঢাকা ট্রিবিউনের সাংবাদিক সোহেল মামুন এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।