মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস (বায়তুল মাকদিস) মসজিদের গ্র্যান্ড ইমাম ও খতিব শাইখ ড. ইক্বরমা সাঈদ আব্দুল্লাহ সবরী ঢাকায় এসেছেন। আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিতে বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা এসেছেন তিনি।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে অভ্যর্থনা জানান নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের কর্মকর্তা নূর আব্দেল কারীম, এবং ইক্বরা এর ভাইস-প্রেসিডেন্ট শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী এবং হারেস বিন ইউসুফ।
জানা গেছে, শুক্রবার (২৬ জানুয়ারি) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে ১৮তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে যোগ দিতে এসেছেন তিনি। আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) উদ্যোগে আয়োজিত এ সম্মেলন শুক্রবার দুপুর ৩টায় শুরু হবে। এ সম্মেলনে দেশ বিদেশের প্রখ্যাত ক্বারীরা অংশ নেবেন।
আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) সহসভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী বলেন,‘বায়তুল মুকাদ্দাসের (বায়তুল মাকদিস) মসজিদের গ্র্যান্ড ইমাম ও খতিব শাইখ ড. ইক্বরমা সাঈদ আব্দুল্লাহ সবরী ৫ দিনের সফরে ঢাকায় এসেছেন।’