ওয়ারীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

ছিনতাইরাজধানীর ওয়ারী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ ইব্রাহিম (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে ওয়ারীর সামীবাগ রেললাইনের পাশের গলিতে এ ঘটনা ঘটে।

ওয়ারী থানা পুলিশ জানিয়েছে, নিহত ইব্রাহিমের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার শেখপাড়ায়। তার বাবার নাম বজলুর রহমান। তিনি ওয়ার্কশপ ব্যবসায়ী। ৩-৪ দিন আগে তিনি ঢাকায় আসেন। নবাবপুর একটি হোটেলে উঠেছিলেন। শুক্রবার ভোরে সামীবাগ এলাকায় ৪/৫ জন ছিনতাইকারী তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এরপর তিনি দৌড়ে সালাউদ্দিন হাসপাতালের সামনে আসেন। ওই হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ভোর ৬ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।’

নিহতের ভাগ্নে আল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওয়ার্কশপের জিনিসপত্র কিনতে মামা ৩/৪ দিন আগে ঢাকায় আসেন। আজ ভোরে সালাউদ্দিন হাসপাতাল থেকে ফোন দিয়ে জানায় মামাকে ছুরিকাঘাত করা হয়েছে। ভোরে খুলনা থেকে ঢাকা পৌঁছে দেখি মামা মারা গেছেন।’

তিনি বলেন, ‘মামা পুরান ঢাকার বিভিন্ন হার্ডওয়ারের দোকানে গিয়ে মাল কেনেন। শুনছি,মামার সঙ্গে থাকা ১ লাখ ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিল। ছিনতাইকারীরা তা নিতে পারেনি।’

নিহতের স্ত্রীর নাম রোকাইয়া। তাদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে।