ডিএসসিসির আওতাধীন বেশিরভাগ ফুটপাতই দখল হয়ে আছে এভাবে (ছবি: শাহেদ শফিক)রাস্তা, ফুটপাত ও সড়ক বিভাজক পরিষ্কার রাখা ও অবৈধ স্থাপনা উচ্ছেদে সাত সদস্যের টাস্কফোর্স গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর সদস্যরা পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করবে। গত ৩০ জানুয়ারি ডিএসসিসি সচিব মো. শাহাবুদ্দিন খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা। এছাড়া সংশ্লিষ্ট কাউন্সিলর প্রধান উপদেষ্টা ও সংরক্ষিত কাউন্সিলর থাকবেন উপদেষ্টার দায়িত্বে। এছাড়া ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সদস্য সচিব ও সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংশ্লিষ্ট এলাকার ডিএমপি উপ-কমিশনারকে সদস্য করে এই টাস্কফোর্স গঠন হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়— ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ডিএসসিসির আওতাধীন রাস্তা, ফুটপাত, সড়ক বিভাজকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন, অবৈধ স্থাপনা ও বিজ্ঞাপন বোর্ড-ব্যানার উচ্ছেদ করতে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করবে এই টাস্কফোর্স।
ডিএসসিসির আওতাধীন বেশিরভাগ ফুটপাতই দখল হয়ে আছে এভাবে (ছবি: শাহেদ শফিক)এছাড়াও জানানো হয়েছে, প্রতি মাসে অন্তত দু’বার ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে এই কর্মসূচি পালন করবে কমিটি। এছাড়া ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা তাদের নিজ নিজ অঞ্চলে জনবলের মাধ্যমে নিয়মিত রাস্তা, ফুটপাত, সড়ক বিভাজক পরিষ্কার; অবৈধ স্থাপনা, বিদ্যুৎ সংযোগ বিজ্ঞাপন, বিলবোর্ড ও ব্যানার অপসারণ করবে।
গত ২৪ জানুয়ারি ডিএসসিসির ১২তম করপোরেশন সভায় ফুটপাত দখলমুক্ত করতে সিদ্ধান্ত নেওয়া হয়।