বইমেলার প্রথম শিশু প্রহর ছিল কলকাকলিতে মুখর

শিশুপ্রহরশুক্রবার  (২ ফেব্রুয়ারি) সকাল থেকেই একুশের গ্রন্থমেলা মুখর ছিল শিশুদের কলকাকলিতে। এবারের মেলার প্রথম শিশু প্রহর ছিল আজ। বাবা-মায়ের সঙ্গে প্রথম শিশুপ্রহরে এসেছিল শিশু-কিশোররা।

বই দেখছে শিশুরা

মেলার গেট খোলা হয় বেলা ১১টার পরপরই। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে শিশু-কিশোর ও অভিভাবকরা অপেক্ষা করছিলেন।  মেলায় শিশুরা ঘুরে ঘুরে বই দেখছে, ছবি তুলছে ও খেলছে। অনেকে বইও কিনছে। মেলায় আজ  থেকে বই বিক্রিও শুরু হয়েছে। বেলা ১২টার পর থেকেই বই কিনতে শুরু করে অনেকে।

বইমেলা প্রাঙ্গণ

মেলার প্রথম শিশু প্রহরে সিসিমপুর মঞ্চে চতুর্থ শ্রেণি ছাত্র অনীল বাশারের নতুন দুটি বইয়ের প্রকাশনা উৎসবে মেতেছিল একদল শিশু। এটাই এবারের মেলায় প্রথম শিশুগ্রন্থের প্রকাশনা উৎসব। সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণে সিসিমপুর মঞ্চের এই উৎসবে প্রধান অতিথি ছিলেন কথাশিল্পী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন কবি হালিম আজাদ, কথাশিল্পী মোস্তফা কামাল, গবেষক আফজালুল বাশার, সাংবাদিক শাহনাজ বেগম ও সিসিমপুরের ব্যবস্থাপক খলিলুর রহমান।

27591361_1444782778964410_1698439413_n

আনিসুল হক বলেন, ‘এটা বিস্ময়কর ও আনন্দের যে চতুর্থ শ্রেণির একজন ছাত্রের একসঙ্গে দুটি বই বের হলো। এর আগে অলীনের আরও তিনটি বই বের হয়েছে।’

অনুষ্ঠানে সিসিমপুরের ব্যবস্থাপক খলিলুর রহমান শিশুদের উদ্দেশে বলেন, একুশে  ফেব্রুয়ারির দিনে সকাল থেকে এই মঞ্চে সিসিমপুরের বন্ধুরা তোমাদের সঙ্গে আনন্দ করবে। তিনি সব শিশুদের একুশের দিনে আসার আহ্বান জানান। খবর বাসস।

ছবি: সাজ্জাদ হোসেন।