বিচার বিভাগে সৃষ্ট ক্ষত পূরণে প্রধান বিচারপতির প্রতি জয়নুলের আহ্বান

অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ফাইল ছবিদেশে আইনের শাসন, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগে সৃষ্ট ক্ষত পূরণ করতে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

রবিবার সকালে প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘দেশে আজ এক চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য ক্ষমতাসীন দলের প্রতি আনুগত্য প্রকাশ করতে ঢালাওভাবে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা করছে। একেকটি মামলায় শত থেকে হাজার জনকে আসামি দেখানো হচ্ছে। আর গ্রেফতারের ভয় দেখিয়ে অবাধে গ্রেফতার বাণিজ্য চলছে। এই মিথ্যা এবং হয়রানিমূলক মামলা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও রক্ষা পায়নি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধেও রাজৈনতিকভাবে মামলা দিয়ে মানসম্মান ক্ষুণ্ন করছে, যা অতীতে আমরা কখনও দেখিনি।’

প্রধান বিচারপতির উদ্দেশে তিনি বলেন, ‘আপনার সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে দেশে আইনের শাসন, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা পূরণ করা এবং বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা।’