মকরম আলীর মেয়ে রুজিনা আক্তার শনিবার (৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘বাবা খুব সহজ সাধারণ একজন মানুষ ছিলেন। তিনি সন্ত্রাসের নির্দয় শিকার। দোষী অসবর্নের সাজা হওয়ায় আমরা স্বস্তি প্রকাশ করছি।’
এসময় নিহত মকরম আলীর পরিবারের অন্য সদস্যরাও রুজিনার সঙ্গে ছিলেন।
রুজিনা আরও বলেন, ‘গত কয়েকটি মাস আমাদের পরিবারের জন্য ছিল খুব বেদনার। বাবাকে হারিয়ে কঠোর বাস্তবতার সঙ্গে তাল মেলাবার চেষ্টা করছিলাম আমরা। বাবা যেদিন মারা যান ওইদিন সারা বিকাল তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কাটান। মসজিদে প্রশান্তি পেতেন বলেই তিনি সেখানে গিয়েছিলেন। বাবার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কোমায় থাকার দুঃসহ স্মৃতি আমাদের এখনও তাড়া করে ফেরে। তিনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।’
গত রোজায় ফিন্সবারি পার্ক মসজিদের বাইরে মুসল্লিদের ওপর হামলা চালায় যুক্তরাজ্যের নাগরিক অসবর্ন। ওই হামলার শিকার হয়ে মারা যান বাংলাদেশি বংশোদ্ভূত মকরম আলী। যুক্তরাজ্যের আদালত গত শুক্রবার অসবর্নকে ৪৩ বছরের কারাদণ্ড দেন। নিহত মকরম আলীর বাড়ি সিলেটের বিশ্বনাথে।