বালাইনাশকের নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিতে সংসদে বিল

জাতীয় সংসদ (ফাইল ছবি)কৃষি উপকরণ বালাইনাশকের নিয়ন্ত্রিত ব্যবহার ও সঠিক মাত্রায় প্রয়োগ নিশ্চিত করতে সংসদে একটি বিল উঠেছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সোমবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত ‘বালাইনাশক (পেস্টিসাইডস) বিল, ২০১৮’ বিল উত্থাপন করলে তা পরীক্ষা-নিরীক্ষা করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এর আগে বিকাল সাড়ে ৪টায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

প্রস্তাবিত বিলে বলা হয়েছে, বিদ্যমান ইংরেজি ভাষায় প্রণীত ‘পেস্টিসাইড অর্ডিন্যান্স, ১৯৭১’ রহিত করে কয়েকটি সংশোধনীসহ আইনটি বাংলায় প্রণয়ন করা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘২০০০ সালের ৩ জুলাই মন্ত্রিসভার বৈঠকে দেশে প্রচলিত সব আইন বাংলায় রূপান্তরের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের আলোকে সংশোধন ও পরিমার্জনক্রমে নুতন আইন আকারে বাংলায় রূপান্তর করতে বিলটি পাস করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘দেশে কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষিকাজে বালাইনাশকের আমদানি, উৎপাদন, তৈরি, বিক্রয়, বিতরণ, ব্যবহার ও আনুষঙ্গিক বিষয়ে নিয়ন্ত্রণের জন্য আইনটির প্রয়োজন।’