ঐতিহ্যবাহী মসজিদ সংরক্ষণে ১৩০ কোটি টাকা দেবে ওআইসি

ওআইসিভুক্ত দেশগুলোর পর্যটনমন্ত্রীদের সম্মেলন

পযটকদের আকৃষ্ট করতে দেশের ঐতিহ্যবাহী ৮০টি মসজিদ সংরক্ষণে ১৩০ কোটি টাকা সহায়তা দেবে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। একইসঙ্গে পর্যটন খাতে দক্ষ জনবল সৃষ্টিতে বাংলাদেশে প্রশিক্ষণকেন্দ্রও স্থাপন করবে তারা।



মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওআইসিভুক্ত দেশগুলোর পর্যটনমন্ত্রীদের সম্মেলন (আইসিটিএম) শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিমান ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক। দশম এ সম্মেলনে আইসিটিএম’র নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালকে।
সংবাদ সম্মেলনে এ কে এম শাহজাহান কামাল জানান, মুসলিম ট্যুরিজমকে বিশ্বজুড়ে তুলে ধরতে পরিকল্পনা করা হচ্ছে। এ সম্মলনের মধ্যদিয়ে বাংলাদেশের পর্যটন বিষয়ক তথ্য তুলে ধরা হয়েছে। ‍তিনি বলেন, ‘ঢাকাকে ২০১৯ সালের ট্যুরিজম সিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যদিয়ে বাংলাদেশের পর্যটনের প্রসার ঘটবে। বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। সৌদি আরব বাংলাদেশের হোটেলখাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।’
সচিব গোলাম ফারুক বলেন, ‘দেশের উন্নয়নে পর্যটন শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই খাতে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান বিনিময়, পেশাগত দক্ষতা বাড়ানো ও উন্নত প্রাতিষ্ঠানিক অবকাঠামো সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। মুসলিম দেশগুলোতে যেভাবে পর্যটনশিল্প বিকশিত হচ্ছে, বাংলাদেশও তা করবে।’