বুধবার আগারগাঁওস্থ নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তার কার্যালয়ে আবদুল হামিদের জমা দেওয়া মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে একক প্রার্থী হিসেবে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়। সিইসি নূরুল হুদা জানান, আজ বুধবারই রাষ্ট্রপতিকে পুনর্নির্বাচিত ঘোষণার গেজেট প্রকাশ করা হবে। আগামী ২৩ এপ্রিল নতুন মেয়াদে রাষ্ট্রপতির শপথ হতে পারে।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগেই রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি আইনগতভাবে বৈধ কিনা, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের আইন অনুযায়ী এটি বৈধ। আইনে বলা আছে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একক প্রার্থী হলে যাচাই-বাছাই শেষে প্রজ্ঞাপন জারি করা যাবে। যদি একাধিক প্রার্থী পাওয়া যায়, সে ক্ষেত্রে মনোনয়নপত্র প্রত্যাহার বা নির্বাচনের প্রশ্ন আসে।’
আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদের জন্য আবদুল হামিদের নামে তিনটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে কোনটি গ্রহণ করা হয়েছে, জানতে চান সাংবাদিকরা। এর জবাবে নূরুল হুদা বলেন, ‘আমরা তিনটি মনোনয়নপত্র পেয়েছিলাম। এর একটিতে প্রস্তাবক ছিলেন ওবায়দুল কাদের, সমর্থক ছিলেন তোফায়েল আহমেদ। আরেকটি মনোনয়পত্রের প্রস্তাবক ছিলেন রাশেদ খান মেনন, সমর্থক ছিলেন আ স ম ফিরোজ। আর তৃতীয়টির প্রস্তাবক ছিলেন এইচ এম এরশাদ ও সমর্থক ছিলেন আতিউর রহমান আতিক। আইন অনুযায়ী, আমরা প্রথম যে মনোনয়নপত্র যাচাই-বাছাই করি, সেটি সঠিক হলে দ্বিতীয় বা তৃতীয়টি যাচাইয়ের প্রয়োজন পড়ে না। আমরা প্রথমে ওবায়দুল কাদেরের প্রস্তাব করা ও তোফায়েল আহমেদের সমর্থন করা মনোনয়নপত্রটিই যাচাই করেছি এবং সেটিই বৈধ হয়েছে। দ্বিতীয় বা তৃতীয় মনোনয়নপত্রটি যাচাইয়ের কোনও প্রয়োজন হয়নি।’
পরে সিইসি জানান, তার নেতৃত্বে নির্বাচন কমিশনাররা আজ বুধবার সন্ধ্যায় সাড়ে ৬টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।