ইতালি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)ইতালি সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

গত ১১ ফেব্রুয়ারি চার দিনের সরকারি সফরে ইতালির উদ্দেশে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ইতালির রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) গভর্নিং কাউন্সিলের বার্ষিক বৈঠকে যোগ দেন। ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে যান। এছাড়া, পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী হলি সি (ভ্যাটিকান সিটি) সফরে যান। সেখানে তিনি পোপ এবং ভ্যাটিকান সিটির সেক্রেটারি স্টেট কার্ডিনাল পিয়েট্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করেন।

ইফাদ গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবো এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বিসলের সঙ্গেও বৈঠক করেন।

ইতালি ও ভ্যাটিকান সিটিতে চার দিনের সফর শেষে শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এ সফরকালে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৬টি জেলার দুস্থ গ্রামীণ জনগণের উন্নয়নে বাংলাদেশ ও ইফাদের মধ্যে ৯২ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।