রাজনৈতিকভাবে বাংলাদেশ সঠিক পথে আছে: তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদরাজনৈতিকভাবে বাংলাদেশ রাইট ট্র্যাকে (সঠিক পথে) আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপো বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।
রাজনৈতিকভাবে বাংলাদেশ সঠিক পথে আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশ এক্ষেত্রে রাইট ট্র্যাকে আছে। আমি জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে এমন বার্তা জানিয়েছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধির ধারাবাহিকতায় সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘের প্রতিনিধি। তাকে আমি বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতির বিষয়টি অবহিত করেছি। এছাড়া, উন্নয়নশীল দেশ হওয়ার জন্য যে তিন শর্ত পূরণ করতে হয়, বাংলাদেশ ইতোমধ্যেই তা পূরণ করেছে বলে জানিয়েছি। ২০৫০ সালে ২২তম ও ২০৪০ সালে ২৮তম অর্থনৈতিক দেশ হবে বাংলাদেশ। বৈঠকে জাতিসংঘের প্রতিনিধি রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের উদ্যোগ,  সবক্ষেত্রে সঠিক পথে থাকার ও নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২০১৩-১৫ সালে রাজনৈতিক দলগুলো যে জ্বালাও-পোড়াও করেছে তা ভুল ছিল। রাজনৈতিক দলগুলো সেটা বুঝতে পেরেছে। এ কারণেই তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে। দলের নেত্রীর জন্য তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। এক্ষেত্রে সরকার কিছুই বলবে না। দেশে বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা আছে। আদালতের রায় নিয়ে রাস্তায় আন্দোলন-সংগ্রাম করা আদালত অবমাননার শামিল। রাজনৈতিক আন্দোলনের নামে যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটে, জনজীবনে দুর্ভোগ নেমে আসে, তাহলে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পেঁয়াজের দাম স্বাভাবিক আছে। দেশে পেঁয়াজের কোনও সংকট নেই। এতদিন কোনও মিডিয়ায় পেঁয়াজ নিয়ে কোনও লেখালেখি হয়নি। তার মানে দাম স্বাভাবিক আছে।’

জাতিসংঘের প্রতিনিধি মিয়া সেপো বাণিজ্যমন্ত্রীকে জানিয়েছেন, ‘বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে সব সময় বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। সব রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে জাতিসংঘ ভূমিকা রাখবে।’