আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা করবে ইউনেস্কো

ইউনেস্কোপ্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে ইউনেস্কো।  দিবসটি উপলক্ষে ‘লিংগুয়িস্টিক ডাইভারসিটি অ্যান্ড মাল্টিলিংগুয়ালিজম কাউন্ট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দফতরে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে।

এছাড়া ইউনেস্কোর মহাসচিব অড্রে আজুলে একটি বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেছেন, ‘তার সংস্থা ভাষা সংরক্ষণে অনেক বছর ধরে কাজ করছে। প্রতি দুই সপ্তাহে একটি করে ভাষা বিলুপ্ত হচ্ছে এবং এর সঙ্গে বিলুপ্ত হচ্ছে মানব সভ্যতা ও সংস্কৃতি।’

তিনি বলেন, ‘মাল্টিলিংগুয়ালিজমকে উৎসাহিত করলে এই ভাষাগুলোকে রক্ষা করা সম্ভব।’

ভাষার জন্য ২১ ফেব্রুয়ারি বাঙালির জীবন বিসর্জন দেওয়াকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য ওই দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার প্রস্তাব করে বাংলাদেশ। পরবর্তীতে ২০০০ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।