জাতীয় পার্টির এই সদস্য বলেন, ‘উন্নয়নের পাশাপাশি দুর্নীতি হচ্ছে। সুশাসন নিশ্চিত করা যাচ্ছে না। প্রশ্নপত্র ফাঁসের সুরাহা হচ্ছে না। ১৭ দিনে ১২ টি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা লজ্জাজনক।’ তিনি বলেন, ‘প্রশ্নপত্রে দাগ দেওয়ায় চট্টগ্রামের তিনজন মেধাবী শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু প্রশ্নের যিনি জিম্মাদার, সেই শিক্ষামন্ত্রীকে বহিষ্কার করা হয় না।’
আর্থিক খাতের অব্যবস্থপনার প্রসঙ্গ টেনে পীর ফজলুর রহমান বলেন, ‘আমানতকারীরা ব্যাংকে টাকা রাখতে আতঙ্ক বোধ করছেন। প্রশ্ন করলে অর্থমন্ত্রী উত্তেজিত হয়ে যান, রাগ করেন। অর্থমন্ত্রী বলেন, উত্তর দেবেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে চেয়ার টেবিল ভেঙে মানুষকে বিদায় করে দেওয়া হয়েছে। ঘুষ দিয়ে পদোন্নতি পাওয়া স্বাভাবিক হয়ে গেছে।’