রোহিঙ্গা ইস্যু: তিন দেশ সফরে গেছেন পররাষ্ট্র সচিব

 

 

পররাষ্ট্র সচিব এম শহীদুল হকরোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক জনমত আরও দৃঢ় করার জন্য দক্ষিপূর্ব এশিয়ার তিন দেশ সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। আজ (সোমবার) রাতে তিনি ব্রুনাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এরপর তিনি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সফর করবেন।

যাওয়ার আগে পররাষ্ট্র সচিব বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমরা সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা পেয়ে এসেছি। আমি দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ সফরে যাচ্ছি। যেসব দেশ এর আগেও আমাদের এ বিষয়ে সমর্থন দিয়েছে।’

এর আগে ১৬ নভেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ থার্ড কমিটিতে এবং ৫ ডিসেম্বর জেনেভায় মানবাধিকার কাউন্সিলে আসিয়ানের ওই তিনটি দেশ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে নিন্দা জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ২৮ ফেব্রুয়ারি হবে এবং সেখানে রোহিঙ্গা ইস্যুসহ অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে।’  ব্রুনাই ও ইন্দোনেশিয়া আসিয়ানের সদস্য হলেও তারা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সবসময়ে সমর্থন দিয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, মিয়ানমারও আসিয়ানের সদস্য।