আজ বৃহস্পতিবার (১ মার্চ) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী এসব তথ্য জানান। এ সময় তিনি হজ-নীতি ও মন্ত্রিপরিষদে অনুমোদিত এ বছরের হজ প্যাকেজের বিভিন্ন তথ্য তুলে ধরেন। ব্রিফিংয়ে জানানো হয়, হজযাত্রীরা যেকোনও ধরনের অভিযোগ জানাতে ০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে ফোন করতে পারবেন।
ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৭ হাজার ১৯৮ জন, বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার জন। নির্দিষ্ট আকার ও জাতীয় পতাকাখচিত পলিব্যাগ ও কিটব্যাগ হজযাত্রীদের নিজ নিজ ব্যবস্থাপনায় কিনতে হবে বলেও জানান তিনি।
এ সময় জানানো হয়, নিবন্ধন ছাড়া কোনও হজযাত্রীকে প্রতিস্থাপন করা যাবে না। এছাড়া হজযাত্রীদের কোনও ধরনের পুলিশ ভেরিফিকেশনও লাগবে না।
ব্রিফিংয়ে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ আছে। প্যাকেজ ১-এর জন্য দিতে হবে তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা। আর প্যাকেজ ২-এর জন্য লাগবে তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। এর মধ্যে বিমান ভাড়া এক লাখ ৩৮ হাজার ১৯১ টাকা।
এদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে বিমান ভাড়া হবে এক লাখ ৬৮ হাজার ২৭৭ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়াসহ অন্যান্য যাবতীয় ব্যয় হজ এজেন্সিগুলো যেভাবে সার্ভিস দেবে সেভাবে সমন্বয় করে যুক্ত করবে।
ব্রিফিংয়ে ২০১৭ সালের হজ কার্যক্রমে অংশ নেওয়া হজ এজেন্সিগুলোর বিভিন্ন অনিয়মের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার তথ্যও তুলে ধরেন ধর্মমন্ত্রী। তিনি জানান, ৬৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল ও জরিমানা করা হয়েছে। আরও ১৭টি এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে। এর বাইরে ১১২টি হজ এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন মাত্রায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
'৯৮ সালেই বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি: প্রধানমন্ত্রী
দেশের সেরা শিক্ষক-শিক্ষিকা পাবনার মাসুদ রানা ও মাগুরার ইয়াসমিন আক্তার