কঠোর করা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। অত্যন্ত দ্রুততার সঙ্গে আইনটি চূড়ান্ত করতে কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে অধিদফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
মহাপরিচালক বলেন, আইনটিকে আরও শক্ত করার চেষ্টা করছি। যদিও মাদকের সবগুলো মামলা জামিন অযোগ্য। কিন্তু তারপরও আসামিরা জামিন পাচ্ছে। নতুন করে কঠোর করা হচ্ছে আইন। আগামী ১৩ মার্চ আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হবে। সেখানে আইনের খসড়া চূড়ান্ত করা হবে। এরপর খসড়াটি যাবে মন্ত্রিসভায়। আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে আইনটি চূড়ান্ত করার কার্যক্রম গ্রহণ করেছি।
মাদক নির্মূলে নিজেদের কঠোর অবস্থান জানিয়ে মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ বলেন,মাদক নির্মূলে একটি প্রক্রিয়া হলো তালিকা তৈরি। সেই তালিকা ধরে অভিযান পরিচালনা করা হয়। আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছি। পাশাপাশি নিজেদের কর্মীদেরকে আমরা প্রকৃত জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। আমাদের কর্মীদের সরাসরি মন্ত্রণালয় এবং অধিদফতরে জবাবদিহিতা করতে হচ্ছে। কারও কার্যক্রমে কোনও ধরনের গাফিলতি পাওয়া গেলে তাকে অধিদফতরের চাকরিতে রাখা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।