পুরান ঢাকার হোলি উৎসবে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

পুলিশি প্রহরাদোল পূর্ণিমা (হোলি) উপলক্ষে পুরান ঢাকার শাঁখারী বাজারে বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এজন্য শাঁখারী বাজার এলাকার প্রতিটি প্রবেশ পথেই রয়েছে পুলিশের  ব্যারিকেড।

শুক্রবার (২ মার্চ) সকাল থেকেই হোলি উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর  অবস্থানে রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি হিন্দু সম্প্রদায়ের এটি ধর্মীয় উৎসব। এখানে তারা নিজেরা হোলি উৎসব করতে পারবে। বহিরাগত কেউ যাতে এখানে প্রবেশ করে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা তৎপর রয়েছি। হোলি খেলাকে কেন্দ্র করে বাইরে যাতে কোনও জটলা সৃষ্টি না হয় সেজন্য আমাদের পুলিশ সদস্যরা নজরদারি করছে।’

তিনি বলেন, তবে শাঁখারী বাজার এলাকার বাসিন্দারা কেবল হোলি উৎসব করতে পারবেন।

শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, শাঁখারী বাজার, তাঁতিবাজার, লক্ষীবাজার, কোর্ট কাচারি এলাকায় রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। হোলি উৎসবে প্রবেশের প্রতিটি মুখেই রয়েছে পুলিশের র‍্যারিকেড। বহিরাগত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার (০১ মার্চ) দুপুরে হোলি উৎসবে আসা রওনক নামের এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সে বিষয় এখনও সুনির্দিষ্ট কোনও তথ্য জানা যায়নি।

পুলিশ জানায়, মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটার কারণে এবার হোলি উৎসবের বহিরাগত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।