সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: তোফায়েল

বক্তব্য রাখছেন তোফায়েল আহমেদসংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শুক্রবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে যেমন সংবিধান অনুযায়ী নির্বাচন হয়,তেমনি বাংলাদেশেও সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হবে। আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন। নিবন্ধিত সব দল নির্বাচনে অংশ নেবে।’

তরুণদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনী পড়বেন, তাহলে সব কিছুর উত্তর পেয়ে যাবেন। তিনি ৪ হাজার ৬৮২দিন কারাগারে ছিল। নিজের ও তার পরিবারের রক্ত দিয়ে বাঙালি জাতির ঋণ তিনি শোধ করে গেছেন।’

এসময় মন্ত্রী উপস্থিত সবার কাছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, ‘যখন হলে আসি তোফায়েল ভাই তখন হলের ক্রীড়া সম্পাদক ছিলেন। বিকালে তিনি হল মাঠে ফুটবল নিয়ে নামতেন। তিনি ছাত্রলীগের নেতা ছিলেন। আমরা ছাত্র ইউনিয়ন করতাম। কিন্তু আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল।’

র‍্যাবের প্রধান বেনজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান।

শিক্ষামন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, ‘৬০ এর দশকের আন্দোলন চলাকালীন আমাদের ইকবাল হলে ( বর্তমানে জহুরুল হক হল) প্রচুর ছাত্র থাকতো। আমার রুমে চার সিটে ১৫-১৬ জন থাকতাম। সবাই বাইরে স্যান্ডেল রেখে ঢালাও বিছানায় ঘুমাতাম। ৬০ এর দশকের আন্দোলনের কেন্দ্র ছিল এই হল।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ দেন। সভাপতির ভাষণে র‍্যাব প্রধান হলের শিক্ষার্থীদের লেখাপড়ায় সাহায্যের জন্য আর্থিক বরাদ্দ আরও বাড়ানোর আহ্বান জানান এবং অনুষ্ঠান আয়োজনের জন্য সব অ্যালামনাইকে ধন্যবাদ জানান।