গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘বৃহস্পতিবার (৮ মার্চ) নারী দিবসে সব জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচিও পালন করা হবে। কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে শাহবাগে।’ তিনি আরও বলেন, ‘এই দুই দিনের কর্মসূচির মাধ্যমে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’ এ সময় আগামী ১২৪ ঘণ্টার মধ্যে হত্যাচেষ্টাকারী ও মূল হোতাদের পরিচয় জনসম্মুখে প্রকাশের আল্টিমেটাম দেন ইমরান এই সরকার।
উল্লেখ্য, শনিবার (৩ মার্চ) বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুর রহমান ফয়জুল (২৫) নামের এক তরুণ। এরপর জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় আনা হয়। রাত ১১টা ৫৮ মিনিটে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।