মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মরদেহ রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে তার মেয়ে ফুলেশ্বরী প্রিয়নন্দিনীর বসুন্ধরা পিংক সিটির ভাড়া বাসায় নিয়ে আসা হয়েছে। এখানে গোসল করানো শেষে মরদেহ কিছু সময় রাখা হবে বলে জানিয়েছেন প্রিয়ভাষিণীর ছেলে কারু তিতাস।
কারু তিতাস আরও জানান, ফুলেশ্বরী প্রিয়নন্দিনীর বাসায় তার মায়ের লাশ কিছুক্ষণ রাখা হবে। এখানে প্রিয়ভাষিণীকে শেষবারের মতো দেখবেন আত্মীয়-স্বজনরা। এরপর মরদেহ আবার ল্যাবএইডের মর্গে রাখা হবে।
এদিকে, প্রিয়ভাষিণীকে এক নজর দেখতে ছুটে এসেছেন অনেকেই। এর মধ্যে রয়েছেন অভিনেত্রী আফসানা মিমি, গবেষক মোহাম্মদ এ আরাফাত, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার, ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির, চিত্রনায়ক ফেরদৌস।
মঙ্গলবার দুপুরে (৬ মার্চ) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী প্রিয়ভাষিণী মারা যান। ফেরদৌসী প্রিয়ভাষিণী কিডনি, ফুসফুসসহ কয়েকটি জটিল রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি হৃদরোগে আক্রান্ত হন। ২৩ ফেব্রুয়ারি তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি দুবার এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে, আগামীকাল বুধবার (৭ মার্চ) রাত ১২টায় ফেরদৌসী প্রিয়ভাষিণীর ছেলে কাজী মহম্মদ শাকের (তূর্য্য) থাই এয়ারের একটি ফ্ল্যাইটে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানা গেছে।