আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার আদায়ের দিন। বাংলাদেশের নারীরা রাজনীতি, শিক্ষা, কর্মক্ষেত্রে এগিয়ে গেলেও এখন পর্যন্ত অর্জিত হয়নি সম্পদ ও সম্পত্তিতে তার পূর্ণ অধিকার। আজও দেশের বিভিন্ন আইনে নারী পায়নি একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে স্বীকৃতি। অজ্ঞতা, কুসংস্কার, ধর্মীয় গোড়ামি এদেশের নারীকে পিছিয়ে রেখেছে। এখনও কন্যাশিশু ভ্রূণ হত্যার ঘটনা এদেশে ঘটছে। পরিবারে, সমাজে, রাষ্ট্রে লিঙ্গগত পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হচ্ছে নারী। এখনও এদেশে প্রতিদিন নারী ধর্ষণ, নির্যাতন, হত্যা, যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। এই অবস্থায় নারীর জীবন সুন্দর ও শান্তিময় করার প্রত্যয় নিয়ে বিশ্বের সব নারীর সঙ্গে বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে আজ যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
১৮৫৭ সালের ৮ মার্চ নিউইয়র্কের সেলাই কারখানায় ঝুঁকিপূর্ণ ও অমানবিক কর্মপরিবেশ, স্বল্প মজুরি এবং দৈনিক ১২ ঘণ্টা শ্রমের বিরুদ্ধে নারী শ্রমিকরা প্রতিবাদ করেন। ১৯১০ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা নারীবাদী ক্লারা জেটকিনের প্রস্তাবে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করা হয়। জাতিসংঘ ১৯৭৫ সাল থেকে এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন শুরু করে। তখন থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ছুটি রয়েছে। বেশ কিছু দেশে শুধু নারীরা এই ছুটি ভোগ করে। বাংলাদেশে বিভিন্ন সংগঠন এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়ে এলেও সেটি এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
দিবসটি উপলক্ষে গণমাধ্যমগুলোতে রয়েছে বিশেষ ব্যবস্থা। টেলিভিশন ও রেডিওগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র ও অনলাইনগুলোতে বিশেষ সংবাদ প্রকাশ করছে। দিবসটি উপলক্ষে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে গৃহশ্রমিক সমাবেশ ও র্যালির আয়োজন করেছে। একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সংযুক্ত মহিলা পরিষদ ‘নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ এবং গার্মেন্টসের নারী শ্রমিকদের সবেতনে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস বাস্তবায়নের দাবিতে’ “র্যালি ও মানববন্ধন” করবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সকাল ১১টায় র্যালির অয়োজন করেছে। র্যালিটি ডিআরইউ চত্বর থেকে যাত্রা শুরু করে জাতীয় প্রেসক্লাবের কদম ফোয়ারা হয়ে আবার ডিআরইউতে আসবে।
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বিকাল সাড়ে চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে র্যালি ও সমাবেশ করবে। দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এরমধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সভা, সামাজিক প্রতিরোধ কমিটির সঙ্গে যৌথ র্যালি এবং রেডিও স্বাধীনের সঙ্গে টকশো ও ক্রিকেট ম্যাচ। আজ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মিরপুর সিটি ক্লাব গ্রাউন্ডে নারী-পুরুষ সম্প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘কনসার্ট ফর উইমেন’-এর। এর দর্শক থাকবেন শুধু নারী। এই আয়োজনটি করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। উইমেন ফেডারেশন এবং আদিবাসী নারী নেটওয়ার্কের আয়োজনে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে রয়েছে আলোচনা সভা।
কমিউনিটি ক্যান্সার সেন্টার লালমাটিয়ার ব্লক বি, ৭/৯ এই ঠিকানায় দিনব্যাপী নারীদের ফ্রি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করেছে। বিকেল তিনটায় এ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পুলিশ উইমেন নেটওয়ার্ক পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সকাল নয়টায় একটি র্যালি বের করবে। এটি হেডকোয়ার্টার থেকে দোয়েল চত্বর দিয়ে ঘুরে আবার হেডকোয়ার্টার্সে ফিরে আসবে।