প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারীর অংশগ্রহণ এখনও কম: স্পিকার

উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীবাংলাদেশের অর্থনীতির বিকাশে নারীরা যথেষ্ট অবদান রাখলেও প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক খাতে তাদের অংশগ্রহণ এখনও কম বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার (৮ মার্চ) ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ শিশু একাডেমীতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের এ আয়োজন চলবে তিন দিন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘পুঁজি ও শিক্ষার অভাব, সামাজিক ও পারিবারিক বাধা, পণ্য বাজারজাতকরণ ইত্যাদি সমস্যা দূর করা হলে এদেশে নারী শিল্পোদ্যোগ কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত হবে।’ নারী উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে নারীর ক্ষমতায়নে সারাবিশ্বে বাংলাদেশ ‘রোল মডেল’ হিসেবে পরিচিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন ।

তিনি বলেন, আমাদের নারী সমাজের নিষ্ঠা, উদ্ভাবনী শক্তি ও শ্রম নিপুণতার কল্যাণে অর্থনীতির মূল ক্ষেত্রগুলোতে নারীর অংশগ্রহণ বাড়ছে। তৈরি পোশাক খাতসহ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে নারীদের অংশগ্রহণ দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান, দেশজ শিল্পায়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড প্রোগ্রামস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক শেখ মো. সেলিম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবদুর রহিম। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের উদ্যোগে ২৬ জন নারী উদ্যোক্তাকে প্রায় ১৪ কোটি টাকা ঋণ দেওয়া হয়।

ফজলে কবির বলেন, “অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বিশেষ করে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে আমরা বাংলাদেশ ব্যাংকের ভিশন ও মিশন-এ ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’-কে একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে অন্তর্ভুক্ত করেছি। আমাদের মূল লক্ষ্য হলো আমাদের অবহেলিত জনগোষ্ঠী যারা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত তাদের যত দ্রুত সম্ভব আর্থিক সেবার আওতায় নিয়ে আসা। সে লক্ষ্যে আমরা কটেজ, মাইক্রো, স্মল ও মিডিয়াম (সিএমএসএমই) খাতকে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে চিহ্নিত করে এ খাতে অর্থায়ন কার্যক্রমকে জোরদার করেছি। এসডিজি’র এই লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ এক ধাপ এগিয়ে রয়েছে। কেননা, অনেক আগে থেকেই বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।’