মুক্তিযুদ্ধ বিরোধীদের পরিচয় পাঠ্যসূচিতে থাকা আবশ্যক: মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (ফাইল ফটো)মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছিল তাদের পরিচয় এবং তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠ্যসূচিতে থাকা আবশ্যক।

শনিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাবেক অতিরিক্ত সচিব ও পিএসসি’র সাবেক সদস্য ওয়াজেদ আলী খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন, রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনির্ভাসিটির অধ্যাপক ইয়েছিনা জয়া ইভানোভনাসহ অনেকে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম ৫২’র ভাষা আন্দোলন, ‘৫৪ সালের নির্বাচন, ‘৬৬ ছয়দফা, ’৬৯ গণঅভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, ‘৭০ নির্বাচন ও পরবর্তীতে ‘৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে খুবই কম জানে। কারণ পাঠ্যবইয়ে এসব ইতিহাস সামান্য তুলে ধরা হয়েছে।

এছাড়া মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর দোসর জামায়াত, আল বদর, আল শামস কী করেছে, তারও উল্লেখ নেই বললেই চলে। পাঠ্যবইয়ে এসব ইতিহাস থাকা আবশ্যক।

এসময় শিক্ষার্থীদের স্বাধীনতার ইতিহাস জানার তাগিদ দেন মন্ত্রী। খবর বাসস।