সিঙ্গাপুর বোটানিক গার্ডেনে শেখ হাসিনার নামে অর্কিড

সিঙ্গাপুরের বোটানিক গার্ডেন পরিদর্শন করে প্রধানমন্ত্রী, ছবি: ফোকাস বাংলাইউনেস্কো বিশ্ব হেরিটেজ হিসেবে স্বীকৃত সিঙ্গাপুর বোটানিক গার্ডেনের ন্যাশনাল অর্কিড গার্ডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি অর্কিডের নামকরণ করা হয়েছে। আজ  মঙ্গলবার (১৩ মার্চ) বোটানিক গার্ডেন পরিদর্শন করেন সিঙ্গাপুর সফররত প্রধানমন্ত্রী।

সিঙ্গাপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর স্মরণীয় করে রাখতেই অর্কিডটির নাম ‘ডেনড্রোবিয়াম শেখ হাসিনা’ রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী ১১ মার্চ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে দক্ষিণ সিঙ্গাপুরে যান।

সিঙ্গাপুরের বোটানিক গার্ডেন পরিদর্শন করে প্রধানমন্ত্রী, ছবি: ফোকাস বাংলা

সিঙ্গাপুর জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক ড.নাইজেল টেইলর সি হর্ট মঙ্গলবার সকালে একটি অনুষ্ঠানের মাধ্যমে ডেনড্রোবিয়াম শেখ হাসিনা অর্কিডটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, তার স্ত্রী পেপী সিদ্দিক ও তাদের দু’সন্তান এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা সেখানে উপস্থিত ছিলেন।

সিঙ্গাপুরের বোটানিক গার্ডেন পরিদর্শন করে প্রধানমন্ত্রী, ছবি: ফোকাস বাংলা

এই হাইব্রিড অর্কিড ২৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। প্রতিটি গাছেরই ১৫টি ফুলের থোকা ধরে। প্রতিটি প্রস্থে ৫ সেন্টিমিটার হয়।

সিঙ্গাপুরের রীতি অনুসারে ১৯৫৭ সাল থেকে দেশটিতে সফরকারী বিভিন্ন দেশের প্রায় আড়াইশো রাষ্ট্র ও সরকার প্রধানের নামে স্থানীয় অর্কিডের নামকরণ করা হয়েছে বলেও ডেভিড লিম জানান। তাদের সফরকে স্মরণীয় করে রাখতেই এটা করা হয়।

‘ডেনড্রোবিয়াম শেখ হাসিনা’ অর্কিডটি এখন থেকে গার্ডেনের ভিআইপি গ্যালারির শোকেসে শোভা পাবে।

প্রধানমন্ত্রী পুরো অর্কিড বাগানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বাগানের সৌন্দর্য উপভোগ করেন। বাগানটিতে ১ হাজার প্রজাতি ও ২ হাজার শংকর করা উদ্ভিদ রয়েছে। খবর বাসস।