মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ডিএসসিসি আয়োজিত ‘স্বচ্ছ ঢাকা' শীর্ষক পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন মেয়র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে পরিচ্ছন্ন সপ্তাহ ১৭-২৩ মার্চ বাস্তবায়নের জন্য শিক্ষকদের নিয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
মেয়র বলেন, ‘ডিএসসিসি’র আয়তন প্রায় ৪২ বর্গকিলোমিটার। এতে এক কোটি ৫০ লাখ মানুষের বসবাস। এর মধ্যে আশপাশের জেলার মানুষদের যাতায়াত রয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। অতিরিক্ত জনসংখ্যার জন্য পরিষ্কার রাখতে হিমশিম খেতে।’
তিনি আরও বলেন, ‘৫০ শতাংশ মিনি ডাস্টবিন চুরি হয়েছে, ভেঙে গেছে। অনেকে আবার মিনি ডাস্টবিন নিয়ে ফুলের টব বানিয়েছে। এমনকি টয়লেটের লাইট বক্স ভেঙে লাইট চুরি করে। নগরটাকে কেন আমরা ঘর ভাবছি না। নিজের ঘর সবাই পরিষ্কার রাখছি, কিন্তু প্রতিনিয়ত শহরকে অপরিষ্কার করছি। এমন যদি হয় তাহলে কীভাবে শহর পরিষ্কার রাখবো? একজন মেয়র কীভাবে শহর পাহারা দেবে?’
আলোচনা সভায় সাড়ে ৪০০ স্কুলের শিক্ষক-প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষকদের উদ্দেশে মেয়র বলেন, ‘শিক্ষকরা পাশে না থাকলে কীভাবে সুন্দর শহর গড়বো। আপনারা (শিক্ষক) মানুষ গড়ার কারিগর। আপনারা যদি পরিষ্কার শহর রাখার শিক্ষা না দেন, তাহলে কীভাবে শহর পরিষ্কার রাখবো?’